শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির চুক্তি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ১১:৩৯ এএম

মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির চুক্তি

শিক্ষা ও গবেষণায় উদ্ভাবন, উৎকর্ষ এবং বৈশ্বিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এবং আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এই দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়। 

মঙ্গলবার মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এর আগে গত পরশু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার গোম্বাক ক্যাম্পাসে রেক্টর কার্যালয়ে প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

 এই অনুষ্ঠানে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

 আইআইইউএম-এর পক্ষ থেকে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন বিভাগের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তিতে সই করেন। একইভাবে আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাং ওয়েন এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা পরিচালক অধ্যাপক ড. খান সরফরাজ আলী স্বাক্ষর সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। এর মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি আদান-প্রদানের নতুন সুযোগ তৈরি হবে। 

বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষেত্রে এই আন্তর্জাতিক অংশীদারিত্ব দুই দেশের শিক্ষা খাতের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সিনিয়র শিক্ষক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।শাবিপ্রবি প্রতিনিধি জানান এই ধরনের চুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার পথ সুগম করবে। 

বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে শাবিপ্রবি এমন আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।এর ফলে শাবিপ্রবির অ্যাকাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং গবেষণার মান বৈশ্বিক উচ্চতায় পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করবে। সংশ্লিষ্ট মহলের মতে এ ধরনের উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সহায়ক হবে।