মে ১৭, ২০২৬, ০১:৩৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তারা এই তালা ঝুলিয়ে দেন। এর আগে একই দাবিতে প্রক্টর কার্যালয়েও তালা মেরে বিক্ষোভ করেছিলেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ঘটনার পর ১০০ ঘণ্টার বেশি সময় পার হলেও পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আদৃতা রায় জানান, দীর্ঘ সময় পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
আর সে কারণেই মূলত দাবিতে চাপ সৃষ্টি করতে তারা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। তবে জরুরি প্রয়োজনে সাধারণ কর্মকর্তা বা শিক্ষার্থীদের এই ভবনে যাতায়াতের সুযোগ রাখা হয়েছে।এদিকে এই ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে গতকাল শনিবার সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানাকে এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক নাহিদ আখতার, অধ্যাপক মো. জাকির হোসেন, অধ্যাপক নাসরীন সুলতানা, অধ্যাপক মো. কামরুজ্জামান ও অধ্যাপক মো. জহির রায়হান। এছাড়া সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে জঙ্গল সংলগ্ন রাস্তায় টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এক অজ্ঞাত যুবক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন