বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জাকসু নির্বাচন: এখনো শুরু হয়নি কেন্দ্রীয় সংসদের ভোট গণনা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৭:২৬ পিএম

জাকসু নির্বাচন: এখনো শুরু হয়নি কেন্দ্রীয় সংসদের ভোট গণনা

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। পোলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ভোট গণনা শুরু করার অপেক্ষায় রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হল সংসদের ভোট গণনা এখনো চলছে। প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও পরবর্তীতে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেভাবেই কাজ এগোচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং অফিসার উজ্জ্বল কুমার মণ্ডল জানান, “বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। কিন্তু এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” তিনি জানান, তাজউদ্দীন আহমদ হলের ভোট গণনা বাকি রয়েছে, যা এখনও চলছে। এ কারণে বাকিরা কেন্দ্রীয় সংসদের ভোট গণনার জন্য অপেক্ষা করছেন।

এদিকে, নওয়াব ফয়জুননেসা হলের রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার নির্বাচন প্রক্রিয়ায় তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা শিক্ষকরা তিন দিন ধরে অমানুষিক পরিশ্রম করে যাচ্ছি। পরশু রাত দুইটার দিকে বাসায় গিয়েছি। আবার পরের দিন সকাল সাতটা থেকে দায়িত্ব পালন করছি।” তিনি আরও বলেন, “যে অমানুষিক পরিশ্রম আমরা করেছি, তার প্রতিদান হলো আমার সহকর্মীর মৃত্যু। আর সম্মানী নিয়ে বলার কিছু নেই—এর চেয়ে ঘণ্টাপ্রতি শ্রমিক হিসেবে কাজ করলেও বেশি পারিশ্রমিক পেতাম।”

সুলতানা আক্তার আরও বলেন, “যদি হলে ভোট গণনা করা হতো, তাহলে রাত ১১টার মধ্যেই ফলাফল ঘোষণা করা যেত। ২১টি হলে যদি আলাদাভাবে গণনা হতো, সিনেট ভবনে এমন ভিড় হতো না। আমাদের কাউকে ভোট গণনার বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি।”

এ ছাড়া ভোট গণনায় অচলাবস্থা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হবে এটাই আমরা জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, উনারা যে কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, জাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছেন।”