সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৭:৩৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বানচালের ষড়যন্ত্র এখনো চলছে বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সিনেট ভবনে জড়ো হয়ে ফলাফল বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, “প্রশাসন যেকোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, আপনারা সকলে সিনেট ভবনে জমায়েত হোন। আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে।” তিনি আরও বলেন, “ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা-ও নড়বেন না। জাকসু বানচালের এই ষড়যন্ত্র আমাদের একজোট হয়ে ব্যর্থ করে দিতে হবে ইনশাআল্লাহ।”
এদিকে, জাকসু নির্বাচনে ভোট গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশাসনের সময় জ্ঞান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।
শিবির সভাপতি তার পোস্টে বলেন, “বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হবে এটাই আমরা জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, উনারা যে কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, মাসাল্লাহ জাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছেন!!”
তিনি আরও উল্লেখ করেন, “দলকানা, নিম্নমানের ব্যবস্থাপনা জ্ঞান ও সময় জ্ঞানহীন শিক্ষক ও প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না। চলতে দেওয়া হবে না।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন