রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়বে গুগল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০২:৫০ পিএম

যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়বে গুগল

গুগলের মশা প্রকল্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে ৬ কোটি ৪০ লাখ মশা পরিবেশে অবমুক্ত করার আবেদন পর্যালোচনা করছে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা। গুগলের জীবন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ডিবাগ এই উদ্যোগ নিয়েছে।প্রকল্পের লক্ষ্য হলো ল্যাবরেটরিতে উৎপাদিত পুরুষ মশার শরীরে ওলবাকিয়া নামক একটি সাধারণ ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে তা প্রকৃতিতে ছেড়ে দেওয়া।

এই প্রযুক্তি সাইটোপ্লাজমিক ইনকম্প্যাটিবিলিটি নামের একটি জৈবিক প্রক্রিয়া অনুসরণ করে। ওলবাকিয়া ব্যাকটেরিয়াযুক্ত পুরুষ মশা যখন প্রকৃতির ব্যাকটেরিয়াহীন স্ত্রী মশার সঙ্গে মিলিত হয়, তখন তাদের ডিম্বাণু নিষিক্ত হয় না। এতে মশার বংশবৃদ্ধি বন্ধ হয়ে যায়। পুরুষ মশা মানুষকে কামড়ায় না, তাই জনস্বাস্থ্যের ঝুঁকি নেই।

গুগল মূলত সাউদার্ন হাউস মস্কিটো নামের একটি ক্ষতিকারক মশার প্রজাতিকে টার্গেট করছে। এই মশা ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় ওয়েস্ট নীল ভাইরাস ছড়ানোর জন্য দায়ী।

পরিবেশবিদ ও বিজ্ঞানীরা এই প্রকল্পকে ইতিবাচকভাবে দেখছেন। রাসায়নিক কীটনাশক ব্যবহারের চেয়ে এটি অনেক বেশি নিরাপদ বলে মত তাদের। ওলবাকিয়া কোনো কৃত্রিম ব্যাকটেরিয়া নয়, বিশ্বের প্রায় ৬০ শতাংশ কীটপতঙ্গের শরীরে এটি প্রাকৃতিকভাবে বিদ্যমান। এছাড়া এই পদ্ধতি কেবল নির্দিষ্ট প্রজাতির মশার ওপর কাজ করায় মৌমাছি বা প্রজাপতির মতো উপকারী পতঙ্গের ক্ষতি হয় না।

এই জটিল কাজটি সম্পন্ন করতে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স ব্যবহার করছে। ল্যাবরেটরিতে কোটি কোটি মশা থেকে নিখুঁতভাবে পুরুষ ও স্ত্রী মশাকে আলাদা করা মানুষের পক্ষে অসম্ভব। বিশেষ সেন্সর ও এআই-চালিত ক্যামেরার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে স্ত্রী মশাকে বাদ দিয়ে কেবল পুরুষ মশা আলাদা করা হচ্ছে। ভুলবশত একটি স্ত্রী মশাও যদি প্রকৃতিতে চলে যায়, তবে মিশনটি ব্যর্থ হতে পারে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ব্যবহার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোন ও স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে এই মশাগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে।