ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৩৭ এএম
আগামী শনিবার সূর্যাস্তের পর এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। ওইদিন সৌরজগতের ছয়টি গ্রহ মহাকাশে এক সারিতে অবস্থান করবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় প্ল্যানেট প্যারেড বা গ্রহসমাবেশ। বাংলাদেশ থেকেও এই নান্দনিক দৃশ্য খালি চোখে উপভোগ করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মূলত সূর্যাস্তের প্রায় ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে পশ্চিম আকাশে সারিবদ্ধভাবে এই গ্রহগুলো দৃশ্যমান হবে।জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এই গ্রহশোভাযাত্রায় অংশ নেবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
আকাশের একটি নির্দিষ্ট ও সংকীর্ণ অংশে এই গ্রহগুলোর অবস্থান তৈরি করবে এক অনন্য দৃশ্য। বিশেষজ্ঞদের মতে শুক্র, বৃহস্পতি ও শনি গ্রহকে বেশ সহজেই খালি চোখে শনাক্ত করা সম্ভব হবে। এদের মধ্যে বৃহস্পতি গ্রহটি সবচেয়ে উজ্জ্বল হয়ে আকাশের বিপরীত প্রান্তে অবস্থান করবে। শনি গ্রহের অবস্থান থাকবে শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি জায়গায়।
তবে বুধ গ্রহটি পশ্চিম দিগন্তের খুব নিচুতে অবস্থান করার কারণে এটি খালি চোখে দেখা কিছুটা কঠিন হতে পারে। পরিষ্কার দিগন্তরেখা না থাকলে এটি পর্যবেক্ষণে বাধা তৈরি হতে পারে। অন্যদিকে ইউরেনাস ও নেপচুন খালি চোখে দেখা যাবে না। এগুলো স্পষ্টভাবে দেখার জন্য শক্তিশালী দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে গ্রহগুলো এক লাইনে অবস্থান করছে বলে মনে হলেও বাস্তবে এরা একে অপরের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। এটি মূলত পৃথিবী থেকে পর্যবেক্ষণের সময় তৈরি হওয়া একটি চাক্ষুষ প্রভাব মাত্র।
এর আগে গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহকে একই সারিতে দেখা গিয়েছিল। মহাকাশ গবেষকরা মনে করছেন ২০৪০ সালের আগে এ ধরনের পূর্ণাঙ্গ ও বড় আকারের গ্রহ সমাবেশ আর দেখা যাওয়ার সম্ভাবনা নেই। উত্তর গোলার্ধের দেশগুলো থেকে এবারের এই গ্রহ সমাবেশ সবচেয়ে স্পষ্ট ও চমৎকারভাবে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। মহাকাশ বিষয়ক কৌতূহলী মানুষের জন্য এটি বছরের অন্যতম বড় একটি ঘটনা হতে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন