বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
iphone 18 pro

আইফোন ১৮ সিরিজে বড় পরিবর্তন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ১১:৫৪ এএম

আইফোন ১৮ সিরিজে বড় পরিবর্তন

ছোট হচ্ছে ডাইনামিক আইল্যান্ড

অ্যাপল তাদের আগামী প্রজন্মের স্মার্টফোন আইফোন ১৮ সিরিজের নকশায় উল্লেখযোগ্য পরিবর্তনের পরিকল্পনা করছে। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী আইফোন ১৮ সিরিজের সবকটি মডেলেই বর্তমানে থাকা ডাইনামিক আইল্যান্ডের আকার ছোট করা হবে। জনপ্রিয় চীনা টিপস্টার আইস ইউনিভার্সের বরাত দিয়ে এই তথ্যটি সামনে এসেছে যা বিশ্বজুড়ে প্রযুক্তি প্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

এর আগে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছিল যে অ্যাপল হয়তো আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স মডেল থেকে ডাইনামিক আইল্যান্ড পুরোপুরি সরিয়ে ফেলবে। 

তবে নতুন তথ্য বলছে যে সেটি পুরোপুরি সরানো হচ্ছে না বরং পিল-আকৃতির এই বিশেষ হোল-পাঞ্চ অংশটি আরও ছোট ও দৃষ্টিনন্দন করা হচ্ছে। সবচেয়ে বড় খবর হলো এই পরিবর্তনটি শুধুমাত্র দামি প্রো মডেলগুলোতে সীমাবদ্ধ থাকছে না। 

সাধারণ আইফোন ১৮ এবং আগামীতে আসতে যাওয়া আইফোন এয়ার ২ মডেলেও এই ছোট আকৃতির ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করা হবে বলে জানা গেছে।ডিসপ্লের বেজেল বা চারপাশের ফ্রেমের ক্ষেত্রে অবশ্য কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি। আইফোন ১৭ সিরিজের মডেলগুলোতে বর্তমানে যে আকারের বেজেল রয়েছে ১৮ সিরিজেও প্রায় একই ধরণের কাঠামো বজায় থাকতে পারে। ফলে ডিভাইসের সামনের দিক থেকে একমাত্র বড় দৃশ্যমান পরিবর্তন হবে এই ডাইনামিক আইল্যান্ডের সংকোচন। 

বরাবরের মতো নতুন এই সিরিজের সব ডিভাইসেই অত্যাধুনিক প্রসেসর বা চিপ ব্যবহারের ঐতিহ্য বজায় রাখবে অ্যাপল যা ফোনের কার্যক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে।বাজারের গুঞ্জন এবং সম্ভাব্য সময়সূচী অনুযায়ী চলতি বছরের শেষের দিকে অর্থাৎ শরতের কোনো এক সময় আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে। 

সেই সঙ্গে নতুন আইফোন ফোল্ড বা আল্ট্রা মডেল আসার সম্ভাবনা নিয়ে প্রযুক্তি পাড়ায় বেশ আলোচনা চলছে। অন্যদিকে সাধারণ আইফোন ১৮ এবং আইফোন এয়ার ২ আগামী বছরের বসন্তকালে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফিচার বা পরিবর্তনের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।