জুলাই ১৪, ২০২৬, ১২:৩৩ পিএম
দীর্ঘদিনের অপেক্ষার পর জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল। এখন থেকে নির্দিষ্ট ব্যবহারকারীরা তাদের পুরোনো জিমেইল আইডির ইউজার নেম বা নাম পরিবর্তনের সুযোগ পাবেন। এর ফলে নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই পুরোনো অ্যাকাউন্টের তথ্য ঠিক রেখে ইমেইল ঠিকানা হালনাগাদ করা সম্ভব হবে।এর আগে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার পর ইমেইল ঠিকানা পরিবর্তনের কোনো সুযোগ ছিল না।
কোনো ব্যবহারকারী যদি ভিন্ন কোনো নামে ইমেইল ঠিকানা ব্যবহার করতে চাইতেন, তবে তাকে বাধ্য হয়ে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হতো। এতে পুরোনো ইমেইল, গুগল ড্রাইভের ফাইল, ইউটিউব ও গুগল ফটোসসহ গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থাপনায় ব্যাপক সমস্যায় পড়তে হতো ব্যবহারকারীদের। নতুন এই সুবিধার মাধ্যমে একই অ্যাকাউন্টের তথ্য অপরিবর্তিত রেখে শুধু ইমেইল ঠিকানা পরিবর্তন করা যাবে।
জিমেইল আইডির ইউজার নেম পরিবর্তনের জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর `পার্সোনাল ইনফো` বা ব্যক্তিগত তথ্যের অপশনে যেতে হবে। সেখানে `কন্টাক্ট ইনফো` থেকে ইমেইল নির্বাচন করতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে পরিবর্তনের সুবিধা উন্মুক্ত থাকে, তবে সেখানে `চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেইল` অপশনটি দেখা যাবে। সেখানে নতুন পছন্দের ইউজার নেম লিখে নির্দেশনা অনুসরণ করলেই নাম পরিবর্তন সম্পন্ন হবে।
তবে গুগল জানিয়েছে, এই সুবিধা এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। ধাপে ধাপে বিভিন্ন অ্যাকাউন্টে এটি চালু করা হচ্ছে। নতুন ইউজার নেম নির্ধারণ করার পর পুরোনো ইমেইল ঠিকানা পুরোপুরি হারিয়ে যাবে না। এটি অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে এবং পুরোনো ঠিকানায় আসা ইমেইলও একই ইনবক্সে জমা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, জিমেইলের এই পরিবর্তন সাধারণ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত কার্যকর। অনেকেই ব্যক্তিগত জীবনে ব্যবহৃত ইমেইল পরে পেশাগত জীবনে ব্যবহারের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন। নতুন এই সুবিধার ফলে পুরোনো অ্যাকাউন্টের তথ্য ধরে রেখেই আরও উপযুক্ত নাম ব্যবহার করা সম্ভব হবে। তবে পরিবর্তনের আগে নতুন ইমেইল নাম ও তৃতীয় পক্ষের অ্যাপের সঙ্গে সংযোগের বিষয়গুলো যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন