রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৩:১০ পিএম

এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

Ai - ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্ট এখন প্রায়ই চোখে পড়ে। প্রযুক্তির উৎকর্ষে এসব কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে, তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভ্রান্তি। সাধারণ ব্যবহারকারীরা যাতে ভুয়া বা বিভ্রান্তিকর এআই কনটেন্ট সহজে শনাক্ত করতে পারেন, সেজন্য নতুন উদ্যোগ নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।অ্যাপের ভেতরে একটি এআই লিটারেসি গাইড চালু করেছে তারা।

এই গাইড তৈরিতে সহায়তা নিয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মিডিয়া লিটারেসি এডুকেশন এবং এআই বিশেষজ্ঞ হেনরি অ্যাডজারের। ভিডিও ও সহজ ব্যাখ্যার মাধ্যমে এই গাইডে দেখানো হয়েছে, কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট চেনা যায় এবং টুলগুলো দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়।

শুধু গাইড নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে টিকটক তাদের অ্যাপের ভেতরে একটি লার্নিং হাব বা শিক্ষা কেন্দ্র চালু করতে যাচ্ছে। ব্যবহারকারীরা এআই সম্পর্কিত কোনো বিষয় খুঁজলে এই হাব থেকে বাস্তব উদাহরণের মাধ্যমে এআই কনটেন্ট শনাক্ত করার কৌশল শিখতে পারবেন। পাশাপাশি এআই সচেতনতা বাড়াতে নোফিলটার ও রাস্পবেরি পাই ফাউন্ডেশনের মতো উদ্যোগে অর্থায়নও বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

এআই দিয়ে তৈরি স্প্যাম ও ভুয়া তথ্য ঠেকাতে প্রযুক্তিগত সক্ষমতাও বাড়াচ্ছে টিকটক। চলতি বছরের প্রথম তিন মাসে ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে তারা। আগামী দিনে রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, আর্থিক পরামর্শ ও স্বাস্থ্যবিষয়ক সংবেদনশীল বিষয়গুলোতে এআই নির্ভর স্প্যাম ছড়ানো অ্যাকাউন্ট শনাক্ত করতে আরও উন্নত প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতাকেই এখন মূল হাতিয়ার হিসেবে দেখছে টিকটক।