শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের লা‍‍`শ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৫২ এএম

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের লা‍‍`শ উদ্ধার

নিখোঁজ লিমন ও বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সকালে ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, হিলসবরো কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী এক জরুরি সংবাদ সম্মেলনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, জামিল লিমনের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বিষয়টি খতিয়ে দেখতে মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নিখোঁজ নাহিদা বৃষ্টিকে খুঁজে বের করতে ডাইভার ও হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় শেরিফ কার্যালয়।

তদন্তের স্বার্থে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো প্রকাশ করা না হলেও তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো বিষয়টি ইতিমধ্যে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করেছে। জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য সংগ্রহের পর ঘটনার রহস্য উন্মোচিত হবে বলে পুলিশ আশাবাদ ব্যক্ত করেছে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল সকালের পর থেকে এই দুই শিক্ষার্থীর কোনো খোঁজ মিলছিল না। ওইদিন সকালে জামিল লিমনকে তার আবাসিক এলাকার কাছে এবং পরে নাহিদা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে শেষবারের মতো দেখা গিয়েছিল। জামিল লিমন বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে এবং নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন।

দুই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক ঘটনায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ পুরো ট্যাম্পা শহরে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার জানিয়েছেন, পুরো ঘটনার রহস্য উদঘাটন এবং নিখোঁজ অপর শিক্ষার্থীকে উদ্ধারে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানানো হয়েছে।