এপ্রিল ২৫, ২০২৬, ১০:২০ এএম
যুক্তরাষ্ট্রের ফেডারেল পর্যায়ে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার (২৪ এপ্রিল) এক আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, এখন থেকে প্রাণঘাতী ইনজেকশনের বিকল্প হিসেবে ফায়ারিং স্কোয়াড (গুলি করে মৃত্যুদণ্ড), বৈদ্যুতিক শক এবং গ্যাস প্রয়োগে শ্বাসরোধের মতো পদ্ধতিগুলো অনুমোদন দেওয়া হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে প্রাণঘাতী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় বিশেষ ওষুধগুলো সংগ্রহ করতে কর্তৃপক্ষকে নানাবিধ জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। অনেক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মৃত্যুদণ্ড কার্যকরে তাদের পণ্য ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানানোয় এই সংকট তৈরি হয়েছে।
ফলে নির্ধারিত সময়ে দণ্ড কার্যকর করা কঠিন হয়ে পড়ছিল। এই সংকট নিরসনেই বিচার বিভাগ বিকল্প ও ‘অধিকতর নিশ্চিত’ পদ্ধতিগুলো যুক্ত করার প্রস্তাব দিয়েছে।
মার্কিন বিচার বিভাগের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এই সুপারিশগুলো উঠে এসেছে। মূলত ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত ও শক্তিশালী করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এটি তারই অংশ। উল্লেখ্য, ২০ বছরের দীর্ঘ বিরতির পর ২০২১ সালে নিজের প্রথম মেয়াদের একেবারে শেষ দিকে ট্রাম্পই প্রথম ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় শুরু করেছিলেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বিচারিক পদ্ধতিতে এক নতুন বিতর্কের সূচনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই পদ্ধতিগুলোকে ‘মধ্যযুগীয় ও নিষ্ঠুর’ বলে অভিহিত করলেও ট্রাম্প প্রশাসনের দাবি—ন্যায়বিচার নিশ্চিত করতে এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদানে এই কঠোর ব্যবস্থা প্রয়োজনীয়। নতুন এই আইন কার্যকর হলে ফেডারেল আদালতগুলোর ওপর দণ্ড কার্যকরের ক্ষেত্রে প্রশাসনিক চাপ অনেকটাই কমবে বলে মনে করছে বিচার বিভাগ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন