রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ০৩:৪০ পিএম

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ইগল

ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ডার্ক ইগল’ মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এরই মধ্যে এই শক্তিশালী অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে ওয়াশিংটনের কাছে আবেদন করেছে। মূলত ইরানের ভূখণ্ডের গভীরে অবস্থিত ব্যালিস্টিক-ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে আঘাত হানার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অনুমোদন পেলে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। রাশিয়া ও চীন ইতিমধ্যে তাদের নিজস্ব প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেও এই প্রযুক্তির ব্যবহারে ওয়াশিংটন এখনো কিছুটা পিছিয়ে আছে। 

মার্কিন সেনাবাহিনী এখনো এই অস্ত্রটিকে পুরোপুরি সক্রিয় বা ‘কমব্যাট রেডি’ হিসেবে ঘোষণা না করলেও বর্তমান পরিস্থিতিতে এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।সেন্টকমের দাবি, ইরান তাদের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে বর্তমানে ব্যবহৃত মার্কিন ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’-এর আওতার বাইরে সরিয়ে নিয়েছে। 

৩০০ মাইলের বেশি পাল্লার বর্তমান ক্ষেপণাস্ত্র দিয়ে এখন আর ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা সম্ভব হচ্ছে না। এ কারণেই উচ্চগতিসম্পন্ন হাইপারসনিক অস্ত্রের মাধ্যমে তেহরানের সামরিক সক্ষমতা নষ্ট করার পরিকল্পনা করছে সেন্টকম। তবে মার্কিন প্রশাসন এই প্রস্তাবে এখনো চূড়ান্ত সায় দেয়নি।এদিকে কূটনৈতিক পর্যায়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় স্থবির হয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর গত ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। 

গত ২১ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ালেও নতুন কোনো সমঝোতা হয়নি। ইরান সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে একটি শান্তি প্রস্তাব পাঠালেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।ইরানের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবে যুদ্ধাবসানের বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ না করা পর্যন্ত নৌ-অবরোধ বহাল থাকবে। গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, তেহরান ওয়াশিংটনের উদ্বেগের সমাধান না করা পর্যন্ত কোনো শান্তি চুক্তি হবে না।

আলোচনায় অচলাবস্থা কাটানোর লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ওপর একটি ‘স্বল্পমেয়াদী ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা তৈরি করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই মধ্যপ্রাচ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি সামনে এল। এই খবর পুরো অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনার সৃষ্টি করেছে।