মে ১৬, ২০২৬, ১২:১৫ পিএম
বিশ্বের কোটি কোটি মুসলমান পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিক তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে মিশরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্সির সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হতে পারে। এর আগে আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাতের দিন পালিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম ও দৃশ্যমানতার ওপর ভিত্তি করে এই সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট এক অফিশিয়াল বিবৃতিতে জানিয়েছে, কায়রোর স্থানীয় সময় অনুযায়ী শনিবার (১৬ মে) রাত ১০টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে।
তবে সূর্যাস্তের সময় আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ অঞ্চলে এই নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা একেবারেই কম। চাঁদ সূর্যাস্তের আগে দৃশ্যমান না হওয়ার কারণে চলমান জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে তারা উল্লেখ করেছে।
জ্যোতির্বৈজ্ঞানিক এই হিসাবের ওপর ভিত্তি করে ২৭ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরা হলেও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে শরিয়াহভিত্তিক চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতে। এদিকে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের সুপ্রিম কোর্টও শনিবার সন্ধ্যায় দেশটির মুসলমানদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে।
সুপ্রিম কোর্টের এই আনুষ্ঠানিক চাঁদ দেখার ঘোষণার পরেই মূলত মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে হজের আনুষ্ঠানিকতা এবং ঈদের দিন চূড়ান্তভাবে ঘোষণা করা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার এই আহ্বান জানানোর পর থেকেই বিভিন্ন দেশে এই সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন