মে ২৫, ২০২৬, ০৪:০১ পিএম
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান ও চীন যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই ঐকমত্যে পৌঁছান। আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তান সবসময় চীনের সহযোগিতা চেয়ে এসেছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
দুই নেতার আলোচনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিই ছিল মূল আলোচ্য বিষয়।বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বেইজিংয়ের নেতৃত্বকে যুদ্ধবিরতির উদ্যোগে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চার দফা কর্মসূচির প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত পাঁচ দফা কর্মসূচি নিয়েও দুই নেতা আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকট বিশ্ব অর্থনীতির পাশাপাশি পাকিস্তানের ওপরও ব্যাপক প্রভাব ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।
আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন লি কিয়াং।চীনা প্রধানমন্ত্রী জানান, পাকিস্তান আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে এই সফর পারস্পরিক সম্পর্ক আরও গভীর করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বেইজিংয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীন সফরের আমন্ত্রণ জানানোর জন্য চীনা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।দুই দেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন প্রতিষ্ঠাতা নেতারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন