মে ২৬, ২০২৬, ১০:০১ এএম
দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার বিকেলে আন্তোফাগাস্তা অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কালামা শহরের ১২ কিলোমিটার দক্ষিণে ছিল এর উৎপত্তিস্থল।এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পপ্রবণ ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে চিলিতে নিয়মিত বড় মাত্রার ভূমিকম্প হয়ে থাকে। তবে হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিসের তথ্য অনুযায়ী, এই কম্পনের বৈশিষ্ট্য সুনামি সৃষ্টির মতো নয়।
ফলে উপকূলে সুনামির কোনো ঝুঁকি নেই বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। দেশটির উত্তরাঞ্চলে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলেও বড় কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি।চিলি নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত।
অতীতে চিলি অনেক বড় ও ধ্বংসাত্মক ভূমিকম্পের সাক্ষী হয়েছে, যার মধ্যে ১৯৬০ সালের ৯ দশমিক ৫ মাত্রার ভালদিভিয়া ভূমিকম্প ইতিহাসের অন্যতম শক্তিশালী। গড়ে প্রতি দশকে অন্তত একটি ৮ মাত্রার বেশি ভূমিকম্প মোকাবিলা করতে হয় দেশটিকে।
তবে আজকের ঘটনায় কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।বর্তমানে পরিস্থিতি পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন