মে ২৬, ২০২৬, ১২:২২ পিএম
পর্যটন খাতকে আরও চাঙা করার লক্ষ্যে বড় ধরনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য এখন থেকে বিনামূল্যে অন-অ্যারাইভাল ট্যুরিস্ট ভিসা চালু করেছে দেশটি। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ পদ্ধতির মাধ্যমে পর্যটকরা এই সুবিধা ভোগ করতে পারবেন।গত ২৫ মে থেকে এই নতুন ভিসা ব্যবস্থা কার্যকর হয়েছে।
শ্রীলঙ্কার সরকারি ইটিএ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৪০টি দেশের সাধারণ ও কূটনৈতিক পাসপোর্টধারীরা এই সুবিধার আওতায় পড়বেন।
শ্রীলঙ্কায় পৌঁছানোর আগে ভ্রমণকারীদের অনলাইনে ইটিএ অনুমোদন নিতে হবে। মালদ্বীপের নাগরিকদের জন্য এই মেয়াদ ৯০ দিন হলেও অন্য দেশের পর্যটকরা ৩০ দিনের ভিসা পাবেন।৩০ দিনের এই ভিসার মেয়াদ শেষে পর্যটকরা দুইবার প্রবেশের সুযোগ পাবেন।
তবে ৩০ দিনের বেশি অবস্থান করতে চাইলে নির্ধারিত ভিসা ফি পরিশোধ করে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। মালদ্বীপ, সিসিলস ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক চুক্তি থাকায় সেখানে ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে।
কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছে, গত ২৫ মে-র আগে যারা ফি দিয়ে আবেদন করেছিলেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে না। ভারত ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলো এই তালিকায় থাকায় পর্যটন শিল্পে বড় গতি আসার প্রত্যাশা করছে কলম্বো।শ্রীলঙ্কার এই পদক্ষেপে এশিয়ার পর্যটন বাজারে নতুন প্রতিযোগিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন