রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০৮:৫০ পিএম

আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৮ জন

ছবি - সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‍‍`ট্যালেন্ট ফায়ারওয়ার্কস‍‍` নামের কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল, এরপরও স্থানীয় একটি খামারে এটি অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আরএএফের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে আহমেদাবাদের মণিনগরের সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফের পক্ষ থেকে দুই লাখ রুপি করে এককালীন অনুদান দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় কাজ করছে বলে জানা গেছে।