রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতকে ‘ঠিক করার’ হুমকি মার্কিন বাণিজ্য মন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:০৮ পিএম

ভারতকে ‘ঠিক করার’ হুমকি মার্কিন বাণিজ্য মন্ত্রীর

ছবি - সংগৃহীত

মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোকে ‘ঠিক করতে হবে’—যাতে তারা তাদের বাজার উন্মুক্ত করে এবং ওয়াশিংটনের স্বার্থবিরোধী পদক্ষেপ নেওয়া বন্ধ করে। শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) নিউজ ন্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও ব্রাজিলসহ বেশিরভাগ ব্রিকস সদস্য দেশ থেকে আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পরই লুটনিকের এই মন্তব্য এলো।লুটনিক বলেন, "আমাদের সুইজারল্যান্ড, ব্রাজিল, ভারত এসব দেশকে ঠিক করতে হবে। তাদের আমেরিকার প্রতি সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।

বাজার খুলতে হবে, আমেরিকার ক্ষতি করা বন্ধ করতে হবে। সেই কারণেই আমরা তাদের চাপ দিচ্ছি।"তিনি জানান, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চললেও, মার্কিন বাণিজ্য এজেন্ডায় ভারত ও ব্রাজিলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার ধরন উল্লেখ করে বলেন, প্রথমে সর্বোত্তম প্রস্তাব দেওয়া হয়, এরপর ধাপে ধাপে কঠোর শর্ত বসানো হয়।

আগস্টে স্থগিত হওয়ার পর নয়াদিল্লি ও ওয়াশিংটন আবার বাণিজ্য আলোচনা শুরু করলেও, এখনো কোনো চুক্তির কাছাকাছি পৌঁছানো যায়নি।মার্কিন দাবি: চলতি মাসের শুরুতে লুটনিক বলেছিলেন, ভারত যদি রাশিয়ান তেল কেনা বন্ধ করে এবং তার বাজার উন্মুক্ত করে, তবে আমেরিকা ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি 'সমাধান' করবে।

ভারতের অবস্থান: ভারত ও আমেরিকা আগস্টের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করতে চেয়েছিল। কিন্তু ভারতের কৃষি ও দুগ্ধ খাতে বৃহত্তর প্রবেশাধিকারের জন্য মার্কিন দাবি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। নয়াদিল্লি এসব খাতকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসে ঘোষণা দেন, ভারতীয় কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি ‘প্রাচীরের মতো দাঁড়াবেন’।গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে ভারতীয় একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে আলোচনায় অংশ নিয়েছিল। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ দ্রুত পারস্পরিক লাভজনক চুক্তি করার চেষ্টা চালিয়ে যাবে।