সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:৪৭ পিএম
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে। রোববার এক বিবৃতিতে হুথি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা ‘প্যালেস্টাইন-২’ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলআবিব লক্ষ্য করে নিক্ষেপ করেছে।
আনাদলু এজেন্সির খবর অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার পর তেলআবিব বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হুথি মুখপাত্র জানান, তেলআবিব ছাড়াও দক্ষিণাঞ্চলীয় ইলাত শহর লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়েন তারা।হুথিদের দাবি, এই হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘গণহত্যা ও বিপজ্জনক আগ্রাসন’-এর জবাব হিসেবে চালানো হয়েছে।
তারা আরও ঘোষণা করেছে, গাজায় দমন-নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ‘ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব’ হিসেবে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করতে পেরেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে তারা ড্রোন হামলা প্রতিহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
এই হুথি হামলার মাত্র কয়েক দিন আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছিলেন, ওই অভিযানে হুথিদের সদর দপ্তর, কমান্ড সেন্টার এবং নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, এই হামলায় ডজনখানেক হুথি যোদ্ধা নিহত হয়েছেন। যদিও হুথি-ঘনিষ্ঠ গণমাধ্যম জানায়, মাত্র দুজন নিহত এবং অন্তত ৪৮ জন আহত হয়েছেন।
এভাবে হামলা-প্রতিহামলার পাল্টাপাল্টি ঘটনা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন