সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:৩৪ পিএম
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসে কমপক্ষে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৯৯ জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত ৩৮ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গেছে। খবর বিবিসির।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান মোহাম্মদ সায়াফি জানান, ভবন ধসে মোট ১০২ জন হতাহত হয়েছেন, যার মধ্যে ৯৯ জন বেঁচে গেছেন এবং তিনজন মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ৩৮ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা জোরেশোরে তল্লাশি চালাচ্ছেন।
মোহাম্মদ সায়াফি আরও জানান, আহত ৭৭ জনকে চিকিৎসার জন্য বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব জাভার সিদোয়ারজোতে অবস্থিত আল-খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ভবনটি স্থানীয় সময় সোমবার বিকাল ৩টার দিকে ধসে পড়ে। সেসময় শিক্ষার্থীরা যোহরের নামাজের জন্য জড়ো হয়েছিল। মেয়ে শিক্ষার্থীরা ভবনের অন্য অংশে নামাজ পড়ছিল এবং তারা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয়।
উদ্ধারকর্মীরা গতরাতভর জীবিতদের সন্ধান চালিয়েছেন। তবে আজ (মঙ্গলবার) উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে যে ভবনটি আরও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে কান্না এবং চিৎকার শোনা যাচ্ছে। অন্যদিকে উদ্বিগ্ন আত্মীয়স্বজনরা তাদের প্রিয়জনদের অপেক্ষায় স্কুলের বাইরে তাঁবু খাটিয়ে অপেক্ষা করছেন।
ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, দুই তলা ভবনটির ভিত দুর্বল ছিল। এর উপরে অতিরিক্ত দুটি তলা নির্মাণের ওজন ভিতটি বহন করতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন