বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৪:৩০ পিএম

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

অদিতা হত্যা মামলার রায় ঘোষণা

নোয়াখালীর সদর উপজেলায় স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম রনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়ণপুর মহল্লার খলিল মিয়ার ছেলে। রায়ে দণ্ডিত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। 

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সেলিম শাহী আসামির উপস্থিতিতে রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীনারায়ণপুর এলাকার ‍‍`জাহান মঞ্জিল‍‍` নামক নিজের বাড়ি থেকে অদিতার লাশ উদ্ধার করা হয়। 

ঘটনার দিন রাতেই পুলিশ সন্দেহভাজন হিসেবে গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ এবং তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া গিয়েছিল। 

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। মামলার বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত।