নভেম্বর ২৬, ২০২৫, ১০:৪৮ পিএম
রিকশাচালকদের জীবনমান উন্নয়নে নতুন একটি উদ্যোগ হাতে নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই উদ্যোগের অংশ হিসেবে 'জীবনমান উন্নয়ন কর্মশালা' শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টে বলেন, রিকশাচালক ভাইয়েরা এমন এক পেশার সঙ্গে যুক্ত, "তারা কাজের চাকা বন্ধ রাখলে স্থবির হয়ে পড়ে নগরবাসীর জীবন।
" অথচ গুরুত্বের তুলনায় তাদের কাজের স্বীকৃতি ও মূল্যায়ন কম। আবার শিক্ষা ও সচেতনতার অভাবে তাদের জীবনমানে তেমন কোনো অগ্রগতিও দেখা যায় না। তিনি রিকশাচালক ভাইদের জীবনমান ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে চান।'রিকশাচালকদের জীবনমান উন্নয়ন কর্মশালা'য় একজন রিকশাচালকের জন্য প্রয়োজনীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় দাঈ, অভিজ্ঞ চিকিৎসক এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা প্রশিক্ষণ প্রদান করবেন। স্বয়ং শায়খ আহমাদুল্লাহও উপস্থিত থাকবেন।
প্রশিক্ষণের মূল বিষয়গুলো হলো:
আত্মপরিচয় ও দ্বীনি জ্ঞান: একজন রিকশাচালকের আত্মপরিচয় ও প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান।
ব্যবহারিক গাইডলাইন: সুন্দর আচরণ ও জীবন চলার গাইডলাইন।
পারিবারিক দায়িত্ব: স্ত্রী-সন্তানের প্রতি করণীয়।
স্বাস্থ্য সুরক্ষা: স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় জ্ঞান।
অর্থনৈতিক স্বাবলম্বীতা: কম আয়ে স্বাবলম্বী ও ঋণমুক্ত জীবনের পদ্ধতি।
আইন ও নিরাপত্তা: ট্রাফিক আইন ও রাস্তার নিরাপত্তা এবং সামাজিক নিয়ম-নীতি।
আহমাদুল্লাহ বলেন, অধিকাংশ রিকশাচালক ভাই প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ হওয়ায়, পরিচিত রিকশাচালকদের এ কর্মশালার কথা জানানোর এবং তাদের হয়ে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। কর্মশালায় অংশ নিতে কমেন্টে দেওয়া গুগল ফরমে কিংবা সরাসরি মোবাইল (01898773880) করেও রেজিস্ট্রেশন করা যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন