রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

‍‍`আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন‍‍`

বিনোদন ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৩:১৪ পিএম

‍‍`আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন‍‍`

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। লিভার সংক্রান্ত তীব্র জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৫ মে) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন জগতের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

কারিনার মৃত্যুর পর তাঁর একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করে স্মৃতিচারণ করেছেন নাট্যকার ও সাংবাদিক রুম্মান রশীদ খান।ছবিটি আগে তোলার পর কারিনাকে পাঠিয়েছিলেন তিনি, যা দেখে উচ্ছ্বসিত হয়ে কারিনা রসিকতা করে বলেছিলেন মৃত্যুর পর এই ছবিটা দিতে। 

তাঁর এই শেষ ইচ্ছার কথা মনে করে শোবিজ অঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করছেন। কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার লিখেছেন যে কারিনা মোমবাতিতে ভরা একটা ঘরে ঝাড়বাতির মতো উজ্জ্বল ছিলেন। এছাড়া কারিনার ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর ডানা পৃথিবীর সবাইকে কোনো হিসেব ছাড়াই আগলে রাখার জন্য তাঁর প্রশংসা করেন।

অন্য সহকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই কারিনার বিদেহী আত্মার চিরশান্তির জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন। চলচ্চিত্র নির্মাতা রেদোয়ান রনি স্মৃতিকাতর হয়ে জানান যে জটিল জীবনকে কীভাবে হাসিখুশি দিয়ে সহজ করে ফেলা যায়, সেই তালিম তিনি কারিনার কাছ থেকে । সংগীতশিল্পী তাশরিফ খান সবাইকে কাছের মানুষদের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন কার সাথে কখন শেষ দেখা হয় কেউ বলতে পারে না।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুরুতে হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হওয়ার পর কারিনার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দিলে অবস্থার দ্রুত অবনতি ঘটে। এরপর তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে নিয়ে পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অভিনয়ের পাশাপাশি চমৎকার চিত্রনাট্যকার ও উপস্থাপক হিসেবে পরিচিত কারিনা কায়সার হামিদ তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন।