এপ্রিল ৫, ২০২৬, ০৬:৩৪ পিএম
দেশের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে নতুন একটি আইন পাস করা হয়েছে। রোববার দুপুরে সংসদ অধিবেশনে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬’ উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনার পর তা কণ্ঠভোটে পাস হয়।
এর মাধ্যমে দেশের লাখ লাখ চাকরিপ্রত্যাশীর দীর্ঘদিনের একটি দাবি আইনগত ভিত্তি পেল।পাস হওয়া এই নতুন বিলের ফলে এখন থেকে বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর।
শুধু সিভিল সার্ভিসই নয় বরং স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ বিভিন্ন স্ব-শাসিত সংস্থাগুলোতেও এই নতুন নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছে। তবে প্রতিরক্ষা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
তাদের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা সংশ্লিষ্ট বাহিনীর নিজস্ব বিধিমালা অনুযায়ী আগের মতোই বহাল থাকবে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকারি কর্ম কমিশনের আওতাভুক্ত ক্যাডার ও নন-ক্যাডার উভয় পদের ক্ষেত্রেই ৩২ বছরের এই সুবিধা পাওয়া যাবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী যখন বিলটি সংসদে উপস্থাপন করেন তখন সংসদ সদস্যদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। দীর্ঘদিন ধরে শিক্ষিত তরুণ সমাজ চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসলেও সরকার সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত ৩২ বছরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল এবং আজ সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে তা পূর্ণাঙ্গ রূপ পেল।
এই সিদ্ধান্তের ফলে অনেক চাকরিপ্রত্যাশী যারা বয়স শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন তারা নতুন করে সরকারি চাকরিতে আবেদনের সুযোগ পাবেন। তবে কারিগরি ও বিশেষ কিছু পদের ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব কোনো বিশেষ নীতিমালা থাকে সেটি অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিলটি পাসের পর এখন রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে এটি গেজেট আকারে প্রকাশিত হবে এবং এরপর থেকেই সারাদেশে এর আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে, খুব দ্রুতই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে যাতে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিসমূহ নতুন এই নিয়মে প্রকাশ করা যায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন