শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

চট্টগ্রামে কলেজের ঘটনা সংসদে, তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১০:৩২ পিএম

চট্টগ্রামে কলেজের ঘটনা সংসদে, তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাটি জাতীয় সংসদে আলোচিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সংসদের অধিবেশনে এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনার যথাযথ তদন্ত হবে এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে চালানো হবে। 

একই সঙ্গে তিনি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে কোনো রাজনৈতিক দলের ওপর ঢালাওভাবে দায় না চাপানোর জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে পয়েন্ট অব অর্ডারে এই প্রসঙ্গটি উত্থাপন করেন চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি দাবি করেন, মঙ্গলবার চট্টগ্রামের নিউমার্কেট সংলগ্ন সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীদের একটি সমাবেশে হামলা চালানো হয়েছে। 

শাহজাহান চৌধুরীর অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা হামলা চালিয়েছিল, তাদের মধ্য থেকেই কেউ কেউ এই নতুন হামলায় জড়িত। তিনি আরও উল্লেখ করেন যে, সংঘর্ষে একজনের পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।এমপি শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁকে যথাযথ নিয়মে নোটিশ দেওয়ার পরামর্শ দেন। 

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তবে প্রকৃত ও বিস্তারিত ঘটনা জানতে তাঁর কিছুটা সময় প্রয়োজন। তিনি বলেন, “আমি একতরফা ব্লেম যেমন দিতে চাই না, তেমনি মাননীয় সদস্যদেরও উচিত তদন্ত ছাড়া কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর আক্রমণাত্মক কথা বলা থেকে বিরত থাকা।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শেষে তিনি প্রয়োজনে সংসদের ৩০০ বিধিতে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “অতীতের সংস্কৃতির মতো একপক্ষ আরেকপক্ষকে দোষারোপ করার প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।” যদি কোনো অপরাধমূলক ঘটনা ঘটে থাকে, তবে অবশ্যই থানায় মামলা দায়ের করতে হবে এবং পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত প্রক্রিয়া পরিচালনা করবে। তদন্তের আগেই পরস্পরকে দায়ী করার প্রবণতা রাজনৈতিক সহাবস্থানকে ব্যাহত করে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন এবং পুরো ক্যাম্পাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই বিষয়টি সংসদের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বের সাথে আলোচিত হলো।