এপ্রিল ২৩, ২০২৬, ০২:১৩ পিএম
র্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। একই পরিমাণ ভাড়া বৃদ্ধি পেয়েছে আন্তঃজেলা রুটে চলাচলকারী দূরপাল্লার পরিবহনের ক্ষেত্রেও।
বৃহস্পতিবার দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই নতুন ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
ব্রিফিংয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয়ের কারণে দেশীয় পরিবহন খাতে ব্যয় বেড়েছে। পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে অন্তত ২৮ পয়সা করে ভাড়া বাড়ানোর। তবে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে সরকার মাত্র ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী স্পষ্ট করে বলেন যে, বর্তমান পরিস্থিতি মোকাবিলা ও পরিবহন খাতকে সচল রাখতেই এই নামমাত্র সমন্বয় প্রয়োজন ছিল।নতুন এই সিদ্ধান্তের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটে আগে কিলোমিটার প্রতি ভাড়া ছিল ২ দশমিক ৪২ পয়সা। যা ১১ পয়সা বেড়ে এখন দাঁড়িয়েছে ২ দশমিক ৫৩ পয়সায়। অন্যদিকে, আন্তঃজেলা বাস ভাড়া প্রতি কিলোমিটারে ছিল ২ দশমিক ১২ পয়সা, যা নতুন করে সমন্বয় করায় হয়েছে ২ দশমিক ২৩ টাকা। বড় বাসের পাশাপাশি মিনিবাসের ভাড়ার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ শতাংশ বেড়ে ২ দশমিক ৩২ পয়সা থেকে এখন ২ দশমিক ৪৩ পয়সা হয়েছে।
সড়ক পরিবহন মন্ত্রী আরও উল্লেখ করেছেন যে, এই ভাড়ার হার স্থায়ী কোনো বিষয় নয়। ভবিষ্যতে যদি আন্তর্জাতিক বাজারে বা স্থানীয় পর্যায়ে জ্বালানি তেলের দাম কমে, তবে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস ভাড়ার এই হার পুনরায় কমিয়ে আনা হবে। সরকারের পক্ষ থেকে এই ভাড়া তদারকি করতে বিআরটিএ-র ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। যাতে কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা যাত্রীদের কাছ থেকে আদায় করতে না পারে।
পরিবহন খাতের এই ভাড়া বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সাধারণ মানুষের যাতায়াত খরচে বাড়তি চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার আশাবাদী যে, তেলের দামের সঙ্গে এই স্বল্পমাত্রার সমন্বয় পরিবহন ধর্মঘটের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাহায্য করবে। আজ বৃহস্পতিবার দুপুর থেকেই নতুন এই বর্ধিত ভাড়ার হার সারা দেশে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন