শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৪২ পিএম

বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

বাসের নতুন ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে এই বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়। তবে তালিকা প্রকাশ পেলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীর অধিকাংশ বাসেই নতুন ভাড়ার চার্ট ঝুলতে দেখা যায়নি।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন রুটের বাসযাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, তারা কোনো বাসে এখন পর্যন্ত নতুন ভাড়ার চার্ট দেখতে পাননি। পরিবহন শ্রমিকরা আগের হারেই ভাড়া আদায় করছেন বলে অনেক যাত্রী জানিয়েছেন। 

বাসের সুপারভাইজারদের দাবি, নতুন ভাড়ার অফিশিয়াল তালিকা তাদের হাতে না পৌঁছানোয় তারা সেটি বাসে দৃশ্যমান করতে পারেননি। ফলে তারা আপাতত আগের নির্ধারিত ভাড়াই গ্রহণ করছেন।

এর আগে গত ২৩ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ার পর প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। নতুন সেই সমন্বয় অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তঃজেলায় চলাচল করা বাসের ক্ষেত্রে এই ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা এবং ডিটিসিএ এলাকার মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে বাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, গ্যাসচালিত বাসের ক্ষেত্রে নতুন এই বর্ধিত ভাড়া কোনোভাবেই কার্যকর হবে না।

বিআরটিএ-র নতুন তালিকা অনুযায়ী সায়েদাবাদ থেকে বিভিন্ন রুটের দূরপাল্লার ভাড়ার চিত্র পাল্টেছে। এখন থেকে সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা নির্ধারিত হয়েছে। কক্সবাজার রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা করা হয়েছে। এছাড়া সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা ও ৪০ আসনের বাসে ৭৪০ টাকা এবং বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসে ৫৯২ টাকা ভাড়া ঠিক করা হয়েছে।

গাবতলী টার্মিনাল থেকে উত্তরবঙ্গসহ বিভিন্ন রুটের ভাড়াও নতুন করে নির্ধারিত হয়েছে। গাবতলী থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া এখন থেকে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৪১ টাকা। এছাড়া পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৫ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা এবং রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা ও ৪০ আসনের বাসে ৯৯১ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের।

মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসের ভাড়া এখন ২৯৪ টাকা ও ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা। জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা এবং কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা ও ৪০ আসনের বাসে ৫১১ টাকা নির্ধারণ করেছে বিআরটিএ।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যেহেতু সিএনজি বা গ্যাসের দাম বাড়েনি, তাই গ্যাসচালিত কোনো যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। যদি কোনো গ্যাসচালিত বাস অতিরিক্ত ভাড়া আদায় করে বা কোনো অনিয়ম করে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখেই এই সামান্য ভাড়া সমন্বয় করা হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বা কমলে তার সাথে মিল রেখে দেশীয় বাজারেও ভাড়ার আনুপাতিক হার সমন্বয় করা হবে। এজন্য বারবার দীর্ঘ আলোচনার প্রয়োজন হবে না, বিআরটিএ সরাসরি প্রজ্ঞাপন জারির মাধ্যমেই তা কার্যকর করবে। রাজধানীর যানজট ও বিশৃঙ্খলা কমাতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের একটি পরিকল্পনার কথাও জানান তিনি। শুরুতে প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আইএমএফের কোনো চাপ নয়, বরং রাষ্ট্রীয় ভর্তুকির চাপ কমাতে এবং জ্বালানি পাচারের ঝুঁকি বিবেচনায় নিয়ে সরকার বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে বলে দাবি করেন মন্ত্রী। উল্লেখ্য যে, গত ১৮ এপ্রিল রাতে সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রল ১৩৫ টাকা নির্ধারণ করে। এই মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে যে চাপ তৈরি হয়েছে, তা নিরসনে সরকার ও পরিবহন মালিকদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।