রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে ভারতীয় দূতকে তলব

জাতীয় ডেস্ক

মে ১, ২০২৬, ১১:০৯ এএম

আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে ভারতীয় দূতকে তলব

ভারতীয় দূতকে তলব

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে বিকেল ৫টার পর ভারতীয় দূতকে ডেকে পাঠানো হয়। সেখানে তাঁর কাছে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। ইশরাত জাহানের সঙ্গে বৈঠকে ভারতীয় দূতকে স্পষ্ট করে জানানো হয় যে, হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য অবমাননাকর ও বিভ্রান্তিকর।

সূত্র মতে, চলতি মাসের মাঝামাঝি সময়ে একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানো সংক্রান্ত তাঁর বক্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা। 

ভারতীয় সংবাদমাধ্যম এবিপির লাইভে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া কঠিন হওয়ায় তাঁরা অন্ধকারের আড়ালে সীমান্তরক্ষী বাহিনীর অনুপস্থিতিতে লোকজনকে সীমান্ত পার করে দেন।বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, এ ধরনের স্পর্শকাতর দ্বিপক্ষীয় বিষয়ে তথ্যপ্রমাণহীন বক্তব্য দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। 

যেকোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে সমাধান করা উচিত বলেও বৈঠকে জানানো হয়।এছাড়া ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে—এমন মন্তব্য থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে প্রতিবাদপত্রে।