শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১, ২০২৬, ০৪:৫৫ পিএম

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে তিনি সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হন। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হতে থাকে। ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন শিল্পাঞ্চল থেকে হাজার হাজার শ্রমিক এই সমাবেশে যোগ দিয়েছেন। বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ থেকে বিপুল সংখ্যক শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

সমাবেশ সফল করতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে নয়াপল্টনে জড়ো হন।সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সকাল থেকেই পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্যরা কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছেন। সমাবেশের জন্য বিএনপির কার্যালয়ের সামনে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখানে লাল কার্পেট বিছানো হয়েছে।এদিকে, শুক্রবার সকালে ভারী বৃষ্টির কারণে নয়াপল্টন ও আশপাশের সড়কে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। তবে দুপুরের আগেই রাস্তা থেকে পানি নেমে যাওয়ায় সমাবেশ আয়োজনের পথে আর কোনো বাধা থাকেনি।

 

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।আনোয়ার হোসেইন জানান, মহান মে দিবসের অধিকার আদায়ে শ্রমিকরা ঐক্যবদ্ধ। ঢাকার চারপাশের শিল্প এলাকাগুলো থেকে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিয়েছেন। অনুষ্ঠানস্থলে শ্রমিকদের জন্য বিশেষ বসার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মঞ্চে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।