রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

ঈদে এটিএম বুথের টাকা-লেনদেন নিয়ে নতুন নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০৬:২৪ পিএম

ঈদে এটিএম বুথের টাকা-লেনদেন নিয়ে নতুন নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে পাঠানো এক নির্দেশনায় সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

ঈদের ছুটির সময় গ্রাহকরা যেন কোনো ধরনের লেনদেন জটিলতায় না পড়েন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।নির্দেশনা অনুযায়ী, এটিএম বুথ, পিওএস, কিউআর কোড এবং ইন্টারনেট ব্যাংকিং সেবায় যেকোনো প্রযুক্তিগত ত্রুটি দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এটিএম বুথগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের বুথ পরিদর্শন করতে হবে। অনলাইন পেমেন্ট গেটওয়ে ও কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ‘টু ফ্যাক্টর অথেনটিফিকেশন’ ব্যবস্থা বাধ্যতামূলকভাবে সচল রাখতে বলা হয়েছে। 

এমএফএস সেবার ক্ষেত্রে এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত লেনদেন রোধে গ্রাহককে তাৎক্ষণিক এসএমএস অ্যালার্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।ছুটির দিনে গ্রাহক হয়রানি রোধে সার্বক্ষণিক হেল্পলাইন সেবা খোলা রাখার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করে ডিজিটাল ব্যাংকিং সেবা সহজলভ্য করতে এই পদক্ষেপ সাধারণ গ্রাহকদের ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর্থিক খাতের সব প্রোভাইডারকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।