রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান সম্পাদকদের

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৬, ০৬:৪৯ পিএম

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান সম্পাদকদের

সম্পাদকদের আহ্বান

ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের করাল গ্রাস থেকে বেরিয়ে এসে দেশে একটি স্বাধীন ও নির্ভীক সংবাদমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে একাট্টা হয়েছেন দেশের শীর্ষ সংবাদপত্রের সম্পাদকরা। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ‘সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গণমাধ্যমের ওপর যে আধিপত্য ও ‘সেলফ-সেন্সরশিপ’-এর সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল, তা নিরসনে এককভাবে নয়, বরং সমষ্টিগত লড়াইয়ের কোনো বিকল্প নেই।সম্পাদকরা মনে করেন, গণমাধ্যমকে করপোরেট ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করতে এই ঐক্যের কোনো বিকল্প নেই।

বিবৃতিতে স্বাক্ষরকারী ৩৫ জন শীর্ষ সম্পাদক জোর দিয়ে বলেন, সাইবার নিরাপত্তা আইন বা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো দমনমূলক আইনগুলো সংস্কার বা বাতিলের জন্য সম্মিলিত ও নিয়মতান্ত্রিক চাপের প্রয়োজন। 

মালিকপক্ষের অন্যায্য হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্রেশার গ্রুপের চাপ মোকাবিলায় এই ঐক্যবদ্ধ ফোরাম একটি ‘নিরাপত্তা প্রাচীর’ হিসেবে কাজ করবে। তারা সাফ জানিয়ে দিয়েছেন, এই প্লাটফর্ম কোনো গোষ্ঠী বা দলের নয়, বরং দল-মত নির্বিশেষে সব গণমাধ্যমের প্রতিনিধিত্ব করবে এবং রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে সাংবাদিকতার নৈতিক মানদণ্ড নির্ধারণে কাজ করবে।ইতিহাসের সংকটকালে সম্পাদকদের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে তারা বলেন, আজ ফের সেই দায়িত্ব পালনের সময় এসেছে।

সব ধারার গণমাধ্যমকে এই কাফেলায় শামিল হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, অচিরেই এর সাংগঠনিক রূপরেখা চূড়ান্ত করা হবে। শফিক রেহমান, মাহমুদুর রহমান, সালাহ উদ্দিন মোহাম্মদ বাবরসহ দেশের বিশিষ্ট সম্পাদকদের স্বাক্ষরযুক্ত এই বিবৃতি গণমাধ্যমের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। দেশের স্বার্থে এবং গণতন্ত্রের পাহারাদার হিসেবে সম্পাদকদের এই ঐক্যবদ্ধ প্রয়াস সংবাদমাধ্যমের হারানো গৌরব ফিরিয়ে আনবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।