আগস্ট ৬, ২০২৬, ০৫:৫৫ পিএম
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশেষ আলোচনা সভা, স্মৃতিচারণ এবং শহীদ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানের মতো বিভিন্ন তাৎপর্যপূর্ণ কার্যক্রমের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠানে শহীদ শিক্ষার্থীদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করার পাশাপাশি জাতীয় ইতিহাসে এই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় বিইউপির শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ জোবায়ের ওমর খানের পরিবার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ইতিহাস সম্পর্কে গভীর সচেতনতা বৃদ্ধিতে নিজের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন অনুষদের শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন যে জুলাই অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মকে দেশের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে অনুপ্রাণিত করবে। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না এবং তাদের আদর্শ ধারণ করেই বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হবে বলে তারা মন্তব্য করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন