আগস্ট ১৯, ২০২৬, ০৯:৫৯ এএম
বর্তমান দেশজুড়ে চলা গ্যাস সংকট হলো পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিভিন্ন ভুলের ফল। জনগণের কষ্টের সম্পূর্ণ দায় স্বীকার করে সরকার এই পরিস্থিতি নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই মন্তব্য করেছেন। তিনি জানান, এই সংকট পুরোপুরি সমাধান করতে অন্তত আরও দুই বছর সময় প্রয়োজন।
সেই সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই বর্তমান সরকার এগিয়ে চলেছে এবং সাময়িক দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।মঙ্গলবার ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসকদের এ বিষয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিরোধী দল সরকারের ওপর দায় চাপাতে চাইবে এটাই স্বাভাবিক, তবে অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি বাড়ানো উচিত নয়। রাজপথের বদলে সংসদে এসে যুক্তি তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের কষ্টের বিষয়টি সরকার উপলব্ধি করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন