বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
নিরাপদ সড়কের দাবি

সড়ক দুর্ঘটনায় শুধু ক্ষতিপূরণ যথেষ্ট নয়: মনিরুল হক

জাতীয় ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৮:৫০ পিএম

সড়ক দুর্ঘটনায় শুধু ক্ষতিপূরণ যথেষ্ট নয়: মনিরুল হক

সড়ক দুর্ঘটনার পর কেবল ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তা দেওয়াই সমস্যার সমাধান নয় বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিত করার পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং রাস্তায় চলাচলকারী ত্রুটিপূর্ণ যানবাহনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মতামত তুলে ধরেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। এতে মোট ২৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক কোটি ২১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

মনিরুল হক চৌধুরী বলেন, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রের সামাজিক দায়বদ্ধতারও একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যু পুরো পরিবারের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। অন্যদিকে যারা আহত হন, তাদের অনেক সময় দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় ও চরম আর্থিক সংকটে ভুগতে হয়।

এই বাস্তবতায় এক কোটি ২১ লাখ টাকার আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্তদের কিছুটা স্বস্তি জোগাবে। তিনি উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে দেওয়া এই সহায়তা হয়তো স্বজন হারানোর বেদনা পুরোপুরি দূর করতে পারবে না, তবে চিকিৎসা খরচ বহন ও সাময়িক অর্থনৈতিক টানাপোড়েন মোকাবিলায় পরিবারগুলোকে বড় ধরনের সহায়তা দেবে।

কুমিল্লা বিআরটিএ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন সড়কে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ছয়জন আহত হন। পরবর্তীতে হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা সরকারি নিয়ম অনুযায়ী বিআরটিএর ট্রাস্টি বোর্ডে ক্ষতিপূরণের জন্য আবেদন করেন। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে নির্ধারিত ২৭টি পরিবারকে এই আর্থিক সহায়তার আওতায় আনা হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম ও সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে এবং মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলামসহ পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।