নভেম্বর ২২, ২০২৬, ১০:৪৪ এএম
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর নতুন সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুলাইয়ে। মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজে ধীরগতির কারণে আগে নির্ধারিত সূচি বারবার পরিবর্তন হওয়ার পর সর্বশেষ এ লক্ষ্য ঠিক করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, বর্তমানে এমআরটি লাইন-৬-এর চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটারে এবং মোট স্টেশন হবে ১৭টি।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, সম্প্রসারিত অংশের পূর্তকাজ ৮৪ দশমিক ৮৫ শতাংশ শেষ হয়েছে। আর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজের অগ্রগতি রয়েছে ৫৮ শতাংশ।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো দাঁড়িয়ে যাওয়ার কথা রয়েছে। ভায়াডাক্ট বা উড়ালপথের কাজ শেষ হয়ে রেল ট্র্যাক স্থাপনের জন্য তা ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কমলাপুর স্টেশনের মূল অবকাঠামোও তৈরি হয়েছে। বর্তমানে ভেতরের ফিনিশিং, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি বসানো এবং যাত্রীদের যাতায়াতের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে। স্থাপত্য ও সংশ্লিষ্ট কাজগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
তবে অবকাঠামো দাঁড়ালেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করা যাবে না। তার আগে রেলপথ, পাওয়ার সাপ্লাই, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিযোগাযোগ, লিফট ও এসকেলেটর চালু করতে হবে। এরপর সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সার্বিক নিরাপত্তা যাচাই করতে হবে। মূলত এসব কারিগরি ও নিরাপত্তামূলক ধাপের অগ্রগতির ওপরই চালু হওয়ার চূড়ান্ত সময় নির্ভর করছে।
উদ্বোধনের সম্ভাব্য সূচি আগেও বদলেছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর কথা বলা হলেও পরে তা এপ্রিল-মে মাসে নেওয়া হয়; এমনকি পরীক্ষামূলক চলাচলের সম্ভাব্য সময় হিসেবে এপ্রিলের কথাও উঠে এসেছিল। সর্বশেষ তা গড়িয়েছে ২০২৭ সালের জুলাইয়ে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন