রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাইয়ের ব্যর্থতা মানে বাংলাদেশের সামগ্রিক ব্যর্থতা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১১:০৩ এএম

জুলাইয়ের ব্যর্থতা মানে বাংলাদেশের সামগ্রিক ব্যর্থতা

অনেকে জুলাই বিপ্লবকে ব্যর্থ বলতে চান। তবে জুলাইয়ের কারণেই রামিসা হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনায় বিচারের দাবি জানানোর সুযোগ তৈরি হয়েছে। মানুষের প্রতিবাদ করার অধিকার নিশ্চিত হওয়াই জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন।জবাবদিহির এই ক্ষেত্রটিই রাষ্ট্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারছে, যা আগে অসম্ভব ছিল। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করা এখন সহজ। মানুষ প্রশ্নবিদ্ধ করতে পারছে ক্ষমতাকে, এটিই জুলাইয়ের সুফল। জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এটি প্রথম পদক্ষেপ।

তবে এই প্রতিবাদের পথে কিছু মব বা হঠকারী কর্মকাণ্ডও দেখা যাচ্ছে।মব জাস্টিস বা তাৎক্ষণিক বিচারের চেষ্টার পেছনে মূলত বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা দায়ী। অতীতে অসংখ্য নৃশংস ঘটনার বিচার না হওয়ায় মানুষ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে প্রলুব্ধ হচ্ছে। 

এই প্রবণতা অনভিপ্রেত হলেও এর মূলে রয়েছে বিচারের দীর্ঘদিনের অভাব। রাষ্ট্র যদি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে পারে, তবেই এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব।মব ভায়োলেন্স ও মব জাস্টিসকে এক করে দেখার অবকাশ নেই।কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে মব ভায়োলেন্স তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। তাদের লক্ষ্য জুলাইয়ের সরকারকে অস্থিতিশীল করা। 

এসব ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। এই উসকানিদাতাদের চিহ্নিত করতে পারলেই রহস্য উন্মোচিত হবে।সরকারের স্থিতিশীলতা রক্ষায় এই শক্তিগুলোকে দমন করা অপরিহার্য।সীমান্তে বর্তমান সরকারের শক্ত অবস্থান এবং সার্বভৌমত্বের প্রতি দৃঢ় অঙ্গীকার এক নতুন বাংলাদেশের ইঙ্গিত দিচ্ছে। আগেকার সরকারের নতজানু নীতির চেয়ে এটি স্পষ্টতই ভিন্ন। তবে এই স্বাধীন সত্তা টিকিয়ে রাখতে হলে অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে। সরকার সফল হলে তবেই জুলাই বিপ্লবকে সার্থক বলা যাবে।

জুলাই-পরবর্তী সরকারের সাফল্যই এখন দেশের প্রধান লক্ষ্য।দেশের অভ্যন্তরীণ ও বাইরের বিভিন্ন বাধা অতিক্রম করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে রাষ্ট্রকে স্থিতিশীল রাখা জরুরি। দেশের মানুষ জুলাইয়ের দিকে তাকিয়ে আছে, তাদের স্বপ্ন পূরণ করাই প্রকৃত দেশপ্রেম। এই প্রত্যাশা পূরণের মাধ্যমেই বাংলাদেশের ব্যর্থতা এড়ানো সম্ভব।