বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ তারেক রহমানের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ০৬:১২ পিএম

ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ তারেক রহমানের

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে তিনি এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত।

এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। তিনি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করেন, যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গকে এই শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন।

ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা এবং ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসংকুল দুর্যোগ মোকাবিলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে এবং আজকের ভূমিকম্পেও দেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

তারেক রহমান জানান, এই দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে।বিবৃতিতে তিনি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহত মানুষদের আশু সুস্থতা কামনা করেন।