বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

প্রশাসনকে আন্ডারে আনার বক্তব্য তোলপাড় সৃষ্টি করলেন জামায়াত নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৯:৩৩ এএম

প্রশাসনকে আন্ডারে আনার বক্তব্য তোলপাড় সৃষ্টি করলেন জামায়াত নেতা

প্রশাসনকে আন্ডারে আনা' নিয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বক্তব্য রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা ও তোলপাড় সৃষ্টি করেছে।

তবে এই বিতর্কের মুখে দলটি জানিয়েছে, শাহজাহান চৌধুরীর এ বক্তব্য জামায়াত সমর্থন করে না এবং এ ঘটনায় অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গতকাল রোববার কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মাদ শাহজাহান এ মন্তব্য করেন।

গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে মাওলানা শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর জন্য আজকের এ সুযোগ ভবিষ্যতে আর আসবে না। তিনি বলেন, "যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনের যারা আছেন, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।

তিনি আরও বলেন, "পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কী প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে, আর আপনাকে প্রটোকল দেবে।" এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।শাহজাহান চৌধুরীর এই বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হলে গতকাল রোববার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে একটি বিবৃতি পাঠানো হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান সাবেক এমপি শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, 'বক্তব্যটি আমরা দেখেছি।

এটা একান্তই তার বক্তব্য। এর ব্যাখ্যা তিনি ভালো দিতে পারবেন। তার এ বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং অভ্যন্তরীণভাবেও ব্যবস্থা নিচ্ছি।'

অন্যদিকে, গতকাল রোববার সকালে মাওলানা শাহজাহান চৌধুরী এ বিষয়ে গণমাধ্যমে একটি ব্যাখ্যা দেন। এতে তিনি বলেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তিনি বলেন, "প্রশাসন আমাদের কথায় চলবে বলতে আমি জনগণের কথায় চলার কথা বুঝিয়েছি।" তিনি আরও বলেন, যারা খণ্ডিত অংশ প্রচার করে জামায়াতকে চিহ্নিত করছে, তারা প্রকারান্তরে ফ্যাসিস্টদের সহযোগিতা ও উসকানি দিচ্ছে।