ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৩৯ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।
তিনি বলেন, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন এবং তিনি সত্যিকার অর্থে রেসপন্স বা সাড়া দিচ্ছেন।
ডা. জাহিদ আশ্বস্ত করে বলেন, তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছে যেন সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা যেন তিনি পেতে পারেন, সেই লক্ষ্যে চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে।
ডা. জাহিদ আরও বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা খুবই আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনে যেকোনো সময় তাকে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে সতর্ক করে বলেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু তিনি বিনীতভাবে অনুরোধ করেন যেন, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর বিষয়ে আবেগ বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করা হয়।
তিনি নিশ্চিত করেন, খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সংকটাপন্ন মানুষের জন্য যা প্রয়োজন, তিনি তেমন সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা পাচ্ছেন। গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সর্বশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের অন্যতম সদস্য হিসেবে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত আছেন।
জানা গেছে, ডা. জুবাইদা রহমান গত শুক্রবার দেশে এসেছেন এবং নিয়ম করে শাশুড়ির খোঁজ নিচ্ছেন। অন্যদিকে লন্ডন থেকেও চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সোমবার (৮ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জার্মানভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার আসার কথা থাকলেও সেটি আসছে না, যার অর্থ বেগম জিয়া আপাতত লন্ডন যাচ্ছেন না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন