মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:০০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে চলমান ‘ডেভিল হান্ট অপারেশন-২’-এর অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতাকে (৬৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে জেলার বিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আলতাফুজ্জামান মিতা বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর এলাকার মো. সালেহ উদ্দিন আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে দিনাজপুর ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, সরকারি প্রকল্পের বরাদ্দ পাইয়ে দেওয়া এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উসকানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তাঁর সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মিতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁর কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।