রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সম্পাদক সিবগাতুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:২৭ পিএম

শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সম্পাদক সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

সারা দেশ থেকে আগত হাজার হাজার সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।সংগঠনটির সংবিধান ও দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী সদস্যদের ভোটে প্রথমে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করা হয়।

এরপর নবনির্বাচিত সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সেশনের জন্য সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ২০২৬ মেয়াদের জন্য সিবগাতুল্লাহ সিবগাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন। সিবগাতুল্লাহ এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সকাল থেকে শুরু হওয়া এই সদস্য সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ছয় হাজারেরও বেশি সদস্য অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নতুন এই কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী এক বছর সংগঠনের নীতি নির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রশিবিরের এই নতুন নেতৃত্বকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।