বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

যুবকদের বেকার ভাতা নয়, হাতে কাজ দিতে চাই: জামায়াত আমীর

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:১৩ পিএম

যুবকদের বেকার ভাতা নয়, হাতে কাজ দিতে চাই: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর দল যুবকদের বেকার ভাতা দেওয়ায় বিশ্বাসী নয়, বরং প্রতিটি যুবকের হাতে কাজ তুলে দিয়ে তাঁদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে চায়। শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই লক্ষ্যের কথা জানান।

তিনি বলেন, ২০২৪-পরবর্তী নতুন বাস্তবতায় ছাত্রশিবির কেবল একটি সংগঠন নয়, বরং এটি দেশের ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব পেয়েছে।

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে বিগত ৫৪ বছরের শিক্ষাঙ্গনের চিত্র তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দিয়ে সেগুলোকে 'মিনি ক্যান্টনমেন্টে' পরিণত করা হয়েছিল।

সেই অন্ধকার অধ্যায় কাটতে শুরু করলেও পুরোপুরি কাটেনি। এখন থেকে শিক্ষাঙ্গনে যেন আর অস্ত্র, মাদক বা নারীদের নিয়ে কোনো বিশৃঙ্খলা না হয়, সেই পরিবেশ নিশ্চিত করার প্রধান দায়িত্ব ছাত্রশিবিরকে নিতে হবে। তিনি মা-বোনদের নিরাপত্তা এবং মেধাবিকাশের উপযোগী পরিবেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক নিয়ে জামায়াত আমীর বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হবে পিতা-পুত্রের মতো। কোনো শিক্ষককে অপদস্ত করার ঘটনা ভবিষ্যতে আর বরদাশত করা হবে না।

তিনি মনে করিয়ে দেন যে, ছাত্রসমাজের কাঁধে এখন অসংখ্য শহীদের রক্তের ঋণ এবং ১৮ কোটি মানুষের প্রত্যাশার বোঝা রয়েছে।কর্মসংস্থান ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, কুরআন ও সুন্নাহর আদর্শ ছাড়া প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে তিনি বলেন, যুবকরা যেন কারও কাছে হাত না পাতে, সেই ব্যবস্থা করা হবে। যারা দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এবং ন্যায়বিচার নিশ্চিত করবে, তাদের নিয়েই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া হবে যা বিশ্বকে পথ দেখাবে।