রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:১৮ পিএম

বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন ও নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন নিজের পিতা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে পৌঁছান।

দীর্ঘ সময় পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে আসায় এক নজিরবিহীন আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। কবর জিয়ারত ও মোনাজাত শেষে তারেক রহমানকে দীর্ঘক্ষণ নীরবে দাঁড়িয়ে অশ্রু মুছতে দেখা যায়।

সমাধি প্রাঙ্গণে পৌঁছে আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষ করার পর তারেক রহমান পাশে থাকা নেতাকর্মীদের কিছুটা সরে যাওয়ার অনুরোধ করেন।

এরপর তিনি বেশ কিছুক্ষণ নিভৃতে একা দাঁড়িয়ে বাবার কবরের পাশে প্রার্থনা করেন। দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরে বাবার সমাধির সামনে তাঁর এই কান্নভেজা উপস্থিতি সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকেও আবেগাপ্লুত করে তোলে।এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা দিলেও পথে নেতাকর্মীদের ঢল থাকায় তারেক রহমানের গাড়িবহর বিজয় সরণি এলাকায় আটকে যায়।

পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভিড় ঠেলে তিনি মাজারে পৌঁছান। উল্লেখ্য, গতকাল ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। আজ দিনভর তাঁর এই কর্মসূচীকে কেন্দ্র করে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।