ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৩৬ পিএম
রাজনৈতিক অঙ্গনে বড় চমক দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. রাশেদ খান। তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'ধানের শীষ' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার রাতে এক অডিও বার্তার মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করে জানান, রাশেদ খান ইতিমধ্যেই গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করবেন এবং দলটির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।আবু হানিফ আরও পরিষ্কার করেন যে, রাশেদ খান দলবদল করলেও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজ দলেই থাকছেন। নুর আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ‘ট্রাক’ মার্কায় নির্বাচন করবেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠন ও প্রার্থী পরিবর্তনের যে গুঞ্জন ছিল, রাশেদ খানের এই পদত্যাগের মাধ্যমে তা বাস্তবে রূপ নিল। এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে কেমন প্রভাব ফেলে, তা এখন দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন