ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৫৭ পিএম
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফেরার পরদিন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটের দিকে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টা ৩৩ মিনিটে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই সাভার।
আশুলিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হন। ব্যানার-ফেস্টুন হাতে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য এবং স্বাগত জানানোর জন্য নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ভিড় সামাল দিতে এবং তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও আনসারের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।স্মৃতিসৌধে তারেক রহমানের সঙ্গে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।
উল্লেখ্য, এর আগে সূর্যাস্তের নিয়ম অনুযায়ী বিকেলে তারেক রহমানের পক্ষে দলের সিনিয়র নেতারা একবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সাভারে যাওয়ার আগে বিকেলে তিনি শেরেবাংলা নগরে তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মোনাজাত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন