ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:১৫ পিএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের আকস্মিক পদত্যাগ এবং বিএনপিতে যোগ দিয়ে 'ধানের শীষ' প্রতীকে নির্বাচনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দলটির সভাপতি নুরুল হক নুর বিষয়টি স্পষ্ট করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক অডিও বার্তার মাধ্যমে তিনি জানান, মূলত নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবেই রাশেদ খানকে এই অনুমতি দেওয়া হয়েছে।
নুর বলেন, রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আসনে জয়ের সম্ভাবনা নিশ্চিত করার কৌশল হিসেবে গণঅধিকার পরিষদ থেকেই তাঁকে দল পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।
অর্থাৎ, কৌশলগত কারণে তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন। নুর আরও জানান, রাশেদ খান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করায় শূন্য হওয়া সাধারণ সম্পাদক পদে খুব দ্রুতই একজনকে 'ভারপ্রাপ্ত' হিসেবে দায়িত্ব দেওয়া হবে।গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানিয়েছেন, রাশেদ খান বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে মাঠে থাকবেন।
অন্যদিকে, নুরুল হক নুর নিজে পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব প্রতীক 'ট্রাক' মার্কায় নির্বাচন করবেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের আগামী বৈঠকে দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন, তা চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন