ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:২৭ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড় ত্যাগ করে পাশের আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে।
তারেক রহমান সেখানে পৌঁছে হাদির কবর জিয়ারত করবেন—এই তথ্য জানার পর তাঁর নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে ইনকিলাব মঞ্চ এই সিদ্ধান্ত নেয়।
তবে সংগঠনটির নেতারা জানিয়েছেন, তারেক রহমান এলাকা ত্যাগ করার পর তাঁরা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে এসে হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করবেন।এদিকে ইনকিলাব মঞ্চ শাহবাগ ছাড়ার পর সেখানে অবস্থান নিয়েছে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রিয় নেতাকে স্বাগত জানাতে তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বর্তমানে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ (CSF) সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন