রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ইসিতে গিয়ে আজই ভোটার হচ্ছেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৪৮ এএম

ইসিতে গিয়ে আজই ভোটার হচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর আজ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে উপস্থিত হবেন বলে ইসি ও বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

তারেক রহমানের ভোটার হওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের বিশেষ ক্ষমতা বলে যে কাউকে যেকোনো সময় ভোটার করার আইনি অধিকার রয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে শেখ রেহানা এবং সাম্প্রতিক সময়ে ড. বদিউল আলম মজুমদার ও ড. খলিলুর রহমানও তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় ভোটার হয়েছিলেন।

বগুড়া না ঢাকা—কোথায় হবেন ভোটার? তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে দুটি ঠিকানা আলোচনায় রয়েছে—একটি তাঁর জন্মস্থান বগুড়া এবং অন্যটি ঢাকার গুলশানের 'ফিরোজা' বাসভবন। গতকাল শুক্রবার ভোটার ফরম পূরণের প্রাথমিক কাজ গুলশানের ঠিকানায় শেষ করা হলেও, আজ ছবি তোলার আগে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করায় গুলশানের ভোটার হওয়ার সম্ভাবনাই বেশি।

ভোটের দৌড়ে বড় ধাপ: তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময়। সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক, তাই তারেক রহমানের এই পদক্ষেপ তাঁর নির্বাচনে অংশগ্রহণের পথে বড় একটি আইনি ধাপ হিসেবে দেখা হচ্ছে। এনআইডি উইং জানিয়েছে, তারেক রহমান সশরীরে উপস্থিত হলে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে।