রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : ডিজি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:২৪ পিএম

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : ডিজি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

মহাপরিচালক জানান, তারেক রহমান বায়োমেট্রিক সম্পন্ন করার পর সর্বনিম্ন ৭-৮ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তাঁর এনআইডি জেনারেট হয়ে যাবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কক্ষে বসে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন, সেটিও প্রস্তুত রাখা হয়েছে। এটি একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রক্রিয়া হওয়ায় এতে মানুষের হস্তক্ষেপের সুযোগ নেই এবং ডাটা প্রসেস হওয়ার পরপরই পরিচয়পত্রটি প্রস্তুত হয়ে যাবে।

জাইমা রহমানও হচ্ছেন ভোটার এদিন তারেক রহমানের সঙ্গে তাঁর মেয়ে জাইমা রহমানও নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন এবং বায়োমেট্রিক দেবেন। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবারে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর আজই তাঁরা এনআইডি ও ভোটার নিবন্ধনের এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন।

উল্লেখ্য, আজ বেলা সাড়ে ১১টায় তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এরপর দুপুর ১২টার দিকে তাঁর আগারগাঁও নির্বাচন ভবনে পৌঁছানোর কথা রয়েছে। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রাথমিক শর্ত হিসেবে এই ভোটার নিবন্ধন তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।