ডিসেম্বর ২৭, ২০২৫, ০২:০৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবং ভোট প্রদানের লক্ষ্যে আজ ভোটার নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান এবং মাত্র ১৬ মিনিটের মধ্যে নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা শেষ করেন।
পরিবারসহ ভোটার হলেন তারেক রহমানের আগে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র মেয়ে জাইমা রহমানও ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে বাসায় ফেরেন।
তারেক রহমান নির্বাচন ভবনের প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ১০৪ নম্বর কক্ষে তাঁর বায়োমেট্রিক ও ছবি তোলার কাজ সম্পন্ন করেন। এনআইডি উইংয়ের ডিজি জানিয়েছেন, আগামী ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হয়ে যাবে।
নির্বাচনী বাধা দূর তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ (গুলশান-২ এলাকার ১৯ নং ওয়ার্ড) আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এর মাধ্যমে তাঁর নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বড় আইনি জটিলতা কেটে গেল। ইতিমধ্যে তাঁর পক্ষে পৈতৃক এলাকা বগুড়া থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা শুরুর সময় তিনি বিদেশে থাকায় দীর্ঘ ১৭ বছর ভোটার হতে পারেননি।

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় এবং ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ নির্বাচন ভবনে আসার সময় তারেক রহমান রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান। তাঁর এই ভোটার হওয়ার প্রক্রিয়ার সময় ইসির সিনিয়র সচিব, এনআইডি ডিজি এবং আইডিপি প্রকল্পের পিডি উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন